ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী চূড়ান্ত করতে শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন।
এনসিপি সূত্র জানায়, প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় এই দুই তরুণ নেতার নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে ভাবা হচ্ছে। আসিফ মাহমুদের ঘনিষ্ঠ সূত্রগুলো নিশ্চিত করেছে যে, তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন।
অন্যদিকে, প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করে আরিফুল ইসলাম আদীব সংবাদমাধ্যমকে বলেন, “দলের প্রাথমিক আলোচনায় দুই সিটি করপোরেশনে আমি এবং আসিফ মাহমুদ সম্ভাব্য প্রার্থী হিসেবে আছি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রক্রিয়ায় পরবর্তীতে জানানো হবে।”